টাঙ্গাইলে ৩৫৫ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সিপিসি-৩। রবিবার(১১এপ্রিল)সকালে বঙ্গবন্ধুসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকা থেকে একটি পিকআপ সহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী গ্রামের মৃত দুলা মিঞার ছেলে মোঃ নাজমুল ইসলাম(২২) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মালদাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম(২৫)।
এ প্রসঙ্গে র্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহল দল বঙ্গবন্ধুসেতু-টাঙ্গাইল-ঢাকা সড়কের মির্জাপুর বাইপাস এলাকা থেকে রংপুর থেকে ঢাকাগামী একটি সবজি ভর্তি পিকআপ (ঢাকা মেট্র-ছ ১২-০৩৬৮) আটক করে। পরে তল্লাশী চালিয়ে চারটি বেগুনের বস্তা থেকে ৩৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং ট্রাকে থাকা দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ফেন্সিডিল বহনকারী ট্রাকটিকেও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, র্যাবের মাদক বিরোধী এই অভিযান অব্যহত থাকবে ।